বাংলাদেশ-বাহরাইন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিশেষ বৈঠক

বাহরাইন প্রতিনিধিঃ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণের লক্ষ্যে বাহরাইন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (বিবিএ) চেয়ারম্যান আহমেদ আব্দুল্লাহ বিন হিনদি’র সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) আয়োজিত এ দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য বিস্তার, যৌথ বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাহরাইন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের অংশ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জনাব নাবিল আব্দুর রহমান আজুর এবং পরিচালনা পর্ষদের সদস্য জনাব নাসের আলী আল আহলি।
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সম্ভাবনাময় খাতগুলোর চিত্র তুলে ধরেন। তিনি বাহরাইনের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগের আহ্বান জানান।
অন্যদিকে, বাহরাইন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আহমেদ আব্দুল্লাহ বিন হিনদি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বাহরাইনের উদ্যোক্তাদের নেটওয়ার্কিং বৃদ্ধিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।










