যুক্তরাষ্ট্রের কারণে কানাডাজুড়ে ৯০ হাজার চাকরি হারানোর ঝুঁকি

কানাডা প্রতিনিধিঃ কানাডা ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাব সরাসরি শ্রমবাজারে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্কের কারণে কানাডাজুড়ে প্রায় ৯০ হাজার চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর টম্বে ‘গ্লোবাল নিউজ’-কে বলেন, নতুন ৫০ শতাংশ শুল্ক কতদিন বহাল থাকে তার ওপর চাকরি হারানোর পরিমাণ নির্ভর করবে। সম্ভাব্য ক্ষতির প্রায় দুই-তৃতীয়াংশ সরাসরি শুল্কের আওতায় পড়া পণ্য রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোতে এবং বাকি এক-তৃতীয়াংশ তাদের সরবরাহকারী ও সংশ্লিষ্ট খাতগুলোতে হতে পারে।
এদিকে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স United Steelworkers (USW) কানাডা ও যুক্তরাষ্ট্র—উভয় সরকারের প্রতি দ্রুত বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। সংগঠনটির নেতারা বলেছেন, চলমান বাণিজ্য সংঘাত কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটির ওপর অনিশ্চয়তা তৈরি করছে।
গত ২২ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র কানাডার ২৭.৬ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এর জবাবে কানাডাও ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কার্যকর করেছে।
শ্রমিক সংগঠনগুলোর মতে, দুই দেশের অর্থনীতি গভীরভাবে পরস্পরনির্ভর হওয়ায় দীর্ঘস্থায়ী বাণিজ্য সংঘাতের প্রভাব শ্রমিক ও পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা কমানোর ওপর জোর দিয়েছে ইউ এস ডব্লিউ (USW)।










