হাজিগঞ্জে মাদ্রাসা থেকে নিখোঁজ কিশোর, পরিবারের আকুতি:খুঁজে দিন আমাদের সালমান আহমেদ মুন্সিকে

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের হাজীগঞ্জে রহিমানুর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে সালমান আহমেদ মুন্সী (১৪) নামে এক কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় নিখোঁজের বড় ভাই আবির হোসেন মুন্সী হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৪২, তারিখ-২৮-০৯-২০২৫) করেছেন।
নিখোঁজ সালমান আহমেদ মুন্সী হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. আক্তার হোসেন ও মাতা বিলকিস বেগম।
আবির হোসেন তার আবেদনে উল্লেখ করেন, “আমার ছোট ভাই সালমান রহিমানুর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় পড়াশোনা করতো। ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১টার দিকে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।”
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর থেকেই আত্মীয়-স্বজন ও মাদ্রাসার আশপাশ এলাকায় সর্বত্র খোঁজাখুঁজি করা হলেও সালমানের কোনো খোঁজ মেলেনি। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা।
নিখোঁজ সালমানের শারীরিক বর্ণনা অনুযায়ী-তার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। তিনি চশমা ব্যবহার করতেন না, স্বাভাবিক স্বাস্থ্য, ছোট কালো চুল ও কালো চোখের অধিকারী।
সালমানের সন্ধান পেলে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। এ ঘটনায় স্থানীয় এলাকায় উদ্বেগের পাশাপাশি সহানুভূতির স্রোত বইছে।










